ইরানে গণবিয়ের আয়োজন করা হয়েছে। এই বিয়ের অনুষ্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানিদের নিয়ে আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই বিয়ের আয়োজন করা হয়েছে। গণবিয়ের আয়োজন করা হয় গতকাল সোমবার রাতে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় বিয়েতে অংশ নেন শত শত বর–কনে। এর মধ্যে তেহরানে ইমাম হোসেন স্কয়ারেই বিয়ে হয় শতাধিক নারী–পুরুষের। এ অনুষ্ঠান সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে।
ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, সরকারের গণবিয়ের এই কর্মসূচির নাম ‘জানফাদা’। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ‘আত্মোৎসর্গ’। এই কর্মসূচিতে যোগ দেওয়া ইরানিরা যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। যেমন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তখন ওই কেন্দ্রের বাইরে মানব ঢাল হয়ে দাঁড়াবেন তাঁরা।
ইরান সরকার বলেছে, লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।


































































































































































































