বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুরে সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক ও ভয়ংকর।
আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে। হত্যার সাথে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক।


































































































































































































