মালয়েশিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা শোনেন। সভায় শুরুতেই মিয়া গোলাম পরওয়ার তাদের মৌলিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বাংলাদেশ বিমানবন্দরে হয়রানি এবং অন্যান্য নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন।
প্রবাসীদের বক্তব্যের প্রেক্ষিতে মিয়া গোলাম পরওয়ার এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘব এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।


































































































































































































