কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে জাপানের তিনটি সিনেমা। নতুন তিন ছবি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে জাপানি নির্মাতা হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ মানবসদৃশ রোবট ও মানুষের সম্পর্কের ভিন্ন এক দিক তুলে ধরায় এবারের কান উৎসবের অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।
কান চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত চলচ্চিত্র আয়োজনগুলোর একটি। এই উৎসবে পুরস্কার পাওয়া মানেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন। প্রতিবছরই তাই কানে নির্বাচিত ও পুরস্কৃত সিনেমাগুলোর দিকে শুধু সংবাদমাধ্যম নয়, চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদেরও থাকে বাড়তি আগ্রহ। অনেক সময় এখান থেকেই বিশ্ব সিনেমায় নতুন ভাবনা, নির্মাণভঙ্গি কিংবা গল্প বলার ভিন্নধারার সূচনাও ঘটে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই মনে করছেন অনেকে।
বিশেষ করে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ২২টি ছবির মধ্যে কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’ কাহিনি ও উপস্থাপনার দিক থেকে ভিন্নমাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


































































































































































































