জার্মানির স্টুটগার্ট শহরে বসরাসরত কয়েকজন বন্ধু মিলে প্রথম সেই মহতী উদ্যোগ। বাংলা শেখার স্কুলটি শুরু হয়েছিল ২০২১ সালে। স্কুলটির যাত্রা শুরু হয় মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে। নাম দেওয়া হয় কচি–কাঁচার বর্ণমালা অনলাইন স্কুল।
প্রবাসে চাকরির পাশাপাশি এ ধরনের স্কুল খুলতে প্রথমে নানা সমস্যা হলেও ক্রমেই বাংলা স্কুলটির ব্যাপ্তি বাড়তে থাকে। বর্তমানে জার্মানির বিভিন্ন শহরের মোট ৯০ জন শিক্ষার্থী বাংলাদেশ শিক্ষা বোর্ড অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিতভাবে অনলাইনে বাংলা ভাষা শিক্ষা গ্রহণ করছে।
সম্প্রতি ২ মে ২০২৬ জার্মানির স্টুটগার্ট শহরে কচি–কাঁচার বর্ণমালা অনলাইন স্কুলের ব্যাচ-১ ও ব্যাচ-২–এর শিক্ষার্থীদের প্রাথমিক সমাবর্তন ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের প্রথম দুটি ব্যাচের মোট ১০ জন শিক্ষার্থী ২০২১-২০২৬ সেশনে পাঁচ বছরব্যাপী বাংলাদেশ শিক্ষা বোর্ড অনুমোদিত প্রথম-পঞ্চম শ্রেণির পাঠ্যবই সফলতার সঙ্গে সম্পন্ন করে।


































































































































































































