গতকাল কান চলচ্চিত্র উৎসবে পরিচালক পেদ্রো আলমোদোভারের 'বিটার ক্রিসমাস' সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনী হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে হল থেকে দর্শকদের বের করে দেওয়া হয়। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে একজন দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, কান উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভালের ভেতরে অবস্থিত বাজইন থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী চলাকালে এই ঘটনা ঘটে। প্রদর্শনী শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর এক প্রবীণ দর্শক নিজের আসনে অচেতন হয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেয়। জরুরি দ্রুত চিকিৎসাসেবা দিতে দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে কর্তৃপক্ষ।


































































































































































































