হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণী কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে জীবন যেন পুরোপুরি বদলে গেছে এই তরুণ অভিনেত্রীর। লিভার-সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে থাকা কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
আজ দুপুরে প্রথম আলোকে কায়সার হামিদ বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।’
মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেওয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’


































































































































































































