সামাজিক যোগাযোগমাধ্যম যেন শোকবই। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গন। অনেকেই কারিনার সঙ্গে বিভিন্ন মুহূর্তের স্মৃতি ভাগ করছেন ফেসবুকে। সবাই অপেক্ষায় আছেন শেষবারের মতো তাঁকে দেখতে। কারিনার মরদেহ দেশে আনার বিষয়ে কথা হয় তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের সঙ্গে। তিনি প্রথম আলোকে জানিয়েছেন, আজ শনিবার তাঁর মরদেহ দেশে আনা হচ্ছে না। সব প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার দেশে আনা হবে।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬ ’।
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।


































































































































































































