কুমিল্লা নগরে স্বামীর ভাড়া বাসা থেকে জান্নাতুন নাঈম ওরফে ফারিহা (২৩) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করলেও জান্নাতুনের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার কাশেম গার্ডেন নামের ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
জান্নাতুন নাঈম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের স্কুলশিক্ষক হানিফ মিয়ার বড় মেয়ে। তিনি কুমিল্লার কোটবাড়ী এলাকার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর থেকেই তাঁর স্বামী মেহেদী হাসান ওরফে হৃদয় আত্মগোপনে আছেন। মেহেদী মেঘনা উপজেলার বাসিন্দা।


































































































































































































