লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এছাড়া হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি বড় টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। টানেলটি হিজবুল্লাহর বিশেষভাবে প্রশিক্ষিত যোদ্ধারা ব্যবহার করত। গত মার্চের শুরু থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মাজদাল জোউন হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরাইল বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করে চলেছে।’ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, জুয়াইয়া শহরে পৃথক আরেকটি হামলায় ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু ও পাঁচজন নারী রয়েছেন।


































































































































































































