যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তাঁদের পরিবার। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারের পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে।
লিমনের ভাই জোবায়ের আহমেদ দুই পরিবার থেকে পাঠানো ওই বিবৃতির বিষয়টি প্রথম আলোকে জানান। বিবৃতিতে দাবি করা হয়েছে, লিমন ও বৃষ্টির মরদেহ শরিয়াহ মোতাবেক জানাজা ও দাফনে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে। হত্যাকাণ্ডে জড়িত সবার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, আইনি প্রক্রিয়া যেন কোনোভাবেই দীর্ঘায়িত বা দুর্বল না হয়।
যে অফ-ক্যাম্পাস আবাসন ‘অ্যাভালন হাইটসে’ এই ঘটনা ঘটেছে, তাদের গাফিলতির বিষয়টি সামনে এনেছে পরিবার। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়-নিবন্ধিত এই আবাসনে কোনো যাচাই ছাড়াই রুমমেট নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি আগে সন্দেহভাজন হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন তোলা হয়েছে।


































































































































































































