লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে ম্যাচের ৫৯ মিনিটেই হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান এই মিসরীয় তারকা। লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচ শেষে জানান, সালাহর চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। তবে মৌসুম শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় তার ফেরাটা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্লট বলেন, ‘আমরা অপেক্ষা করছি। দেখতে হবে সে আবার খেলতে পারে কি না।’ এদিকে মিসর জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান আরো স্পষ্ট করে জানিয়েছেন, সালাহর সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।
চলতি মৌসুম শেষে ৯ বছরের লিভারপুল ক্যারিয়ারের ইতি টানার কথা রয়েছে সালাহর। তাই এই চোট তার বিদায়কে আরও অনিশ্চয়তার আবরণে ঢেকে দিয়েছে। পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৪৩৫ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে—শুধু ইয়ান রাশ ও রজার হান্টের পেছনে।


































































































































































































