যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলে ক্ষমতাসীন দল লেবার পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। নিউহামের ইতিহাসে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে লেবার পার্টি থেকে এই পদে মনোনয়ন পেলেন। আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টি, গ্রীন পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ সাতজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাজ্যের এই বরোতে বিশ্বের দুই শতাধিক ভাষাভাষী মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিউহামে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। দীর্ঘদিন ধরেই এই বরো লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৬৫ সালে বরো প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কাউন্সিলটি কখনো লেবার পার্টির হাতছাড়া হয়নি।
প্রবাসী বাংলাদেশি পরিবারে জন্ম নেওয়া ফরহাদ হোসেনের পারিবারিক শিকড় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় ইউনিয়নে। তাঁর বাবা মোহাম্মদ জয়নাল আবেদীন ও মা নাজমা বেগম ১৯৬৫ সালে যুক্তরাজ্যে অভিবাসী হন।লন্ডনে জন্ম নেওয়া ফরহাদ নিউহামে বেড়ে ওঠেন। স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে তিনি নিউহাম সিক্সথ ফর্ম কলেজ থেকে এ–লেভেল সম্পন্ন করেন এবং পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


































































































































































































