সাদা কলারের চাকরিতে আভিজাত্য থাকলেও ভেতরের চিত্রটা এখন বেশ ধূসর। উচ্চশিক্ষা ও সম্মানজনক পেশা থাকার পরও জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। আয় ও ব্যয়ের অসম লড়াইয়ে শিক্ষিত এই শ্রেণির সঞ্চয় এখন ঋণের বোঝায় পরিণত হয়েছে। বিবিসির সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ভারতে মধ্যবিত্তের স্থিতিশীল আয় চাপের মুখে পড়েছে। যার প্রভাব পড়েছে, তাদের সামগ্রিক জীবনযাত্রায়। কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট ছাড়াও সরকারি নীতিগত ব্যর্থতাকে এ পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে।
গবেষণার তথ্যমতে, একদিকে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির আয়ের পথ সংকুচিত হয়েছে, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার ব্যয়। ফলে বাড়িভাড়া ও চিকিৎসা খরচের মতো দৈনন্দিন খরচ মেটাতেও ঋণ করছেন অনেকে।
একই বাস্তবতার মুখোমুখি বাংলাদেশও। শিক্ষিত ও চাকরিজীবী হওয়া সত্ত্বেও জীবনমান হুমকিতে দেশের মধ্যবিত্ত শ্রেণির, যারা মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ। ভারতের মতো আমাদের দেশেও ব্যয়ের সঙ্গে আয়ের সমন্বয় করতে পারছেন না এই শ্রেণির বড় অংশ।


































































































































































































