বিশাল মহাবিশ্বে কি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই উঁকি দেয়। নব্বই দশকের শুরু পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে কোনো গ্রহের অস্তিত্ব আমাদের জানা ছিল না। কিন্তু ২০২৫ সাল পর্যন্ত নাসার বিভিন্ন মহাকাশ অভিযানের কল্যাণে বিজ্ঞানীরা ৬ হাজারের বেশি এক্সোপ্ল্যানেটের (সৌরজগতের বাইরে থাকা গ্রহ) অস্তিত্ব নিশ্চিত করেছেন।
আরও কয়েক হাজার গ্রহ এখন স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডজনখানেক গ্রহ পৃথিবীর সমান এবং তাদের নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। সেখানে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব বলে মনে করেন বিজ্ঞানীরা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিখুঁতভাবে দূরবর্তী এই গ্রহগুলোর বায়ুমণ্ডল পর্যালোচনা করে প্রাণের রাসায়নিক চিহ্ন খুঁজছে।


































































































































































































