মালয়েশিয়ায় এক মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে এমইএক্স হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়েছেন। ফ্রি মালয়েশিয়ার টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মদ্যপান করে গাড়ি চালানোর সময় ভুলপথে ঢুকে পড়েন ওই কর্মকর্তা। তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে এই দুর্ঘটনা ঘটে।
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন।


































































































































































































