ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্যের জট যেন আরও পাকিয়ে যাচ্ছে। বুয়েনস এইরেসের আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম চলছে। সেখানে গতকাল সাক্ষ্য দিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ। তাঁর দাবি, ম্যারাডোনা বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে ভুগছিলেন।
দিয়াজ জানান, তিনি যখন প্রথম দেখা করতে যান, ম্যারাডোনা তখন সোফায় বসে ওয়াইন পান করছিলেন। আদালতে দিয়াজ দাবি করেন, ম্যারাডোনা নিজের জীবনযাত্রা বদলে ফেলতে চেয়েছিলেন। তাই তাঁর জন্য এমন এক চিকিৎসার পরিকল্পনা তৈরি করা হয়েছিল, যেখানে অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ ছিল।
একই দিনে আদালতে সাক্ষ্য দেন আরেক অভিযুক্ত নিউরোসার্জন লিওপোল্ডো লুকে। তাঁর মতে, ম্যারাডোনার জন্য বাড়িতে যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, তা যথাযথ ছিল।


































































































































































































