মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার ভিনগ্রহী যান বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও)–সংক্রান্ত বেশ কিছু গোপনীয় নথি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একে মার্কিন জনগণের জন্য ‘নজিরবিহীন স্বচ্ছতা’ হিসেবে বর্ণনা করা হলেও বিশ্লেষকদের মতে এর অনেক তথ্যই আগে থেকে জনসমক্ষে ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত বস্তুসংক্রান্ত এসব নথি, ছবি ও ভিডিও প্রকাশের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। সত্তরের দশকের শেষের দিকে শুরু হওয়া ইউএফও–সংক্রান্ত সরকারি প্রতিবেদন প্রকাশের প্রক্রিয়ায় ট্রাম্প সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হলেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আগের প্রশাসনগুলো এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলেও, এখন নতুন নথি ও ভিডিও দেখে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে কী ঘটছে। আনন্দ করুন এবং উপভোগ করুন!’


































































































































































































