প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২৩: ১৪ মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানান, দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনার জন্য আর পাকিস্তানে যাচ্ছেন না।
সফর বাতিলের কারণ হিসেবে ট্রাম্প দীর্ঘ ভ্রমণকাল এবং সময়ের অপচয়কে দায়ী করেছেন। তিনি বলেন, “ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, যেখানে বর্তমানে প্রচুর কাজ পড়ে আছে। কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়া ১৮ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বসে থাকার মতো সময় আমাদের নেই।”
তিনি আরও দাবি করেন, ইরানি নেতৃত্বের মধ্যে চরম অন্তর্কোন্দল ও বিভ্রান্তি বিরাজ করছে, যার ফলে তারা নিজেরাই জানে না বর্তমানে কে প্রকৃত দায়িত্বে আছেন।


































































































































































































