মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে। নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের একটি বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিচ্ছিলেন।
আফ্রিকম জানিয়েছে, শনিবার মরক্কোর তান তান শহরের কাছে ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ সেনাদের খুঁজে বের করে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য দেশের স্থল, আকাশ ও নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হয়েছে। রোববার দেওয়া এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, ঘটনাটির তদন্ত চলছে। সেই সঙ্গে তল্লাশি অভিযানও অব্যাহত আছে।


































































































































































































