মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকেরা গতকাল শুক্রবার বেতনবৃদ্ধির দাবিতে সমাবেশ করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে আগামী ১১ জুন ফুটবল বিশ্বকাপ শুরুর দিনে ব্যাপক বিক্ষোভের হুমকি দিয়েছেন শিক্ষকেরা। শিক্ষক দিবসে ‘জাতীয় শিক্ষাকর্মী’ ইউনিয়নের প্রায় তিন হাজার সদস্য মেক্সিকো সিটিতে মিছিল করেন। শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকদের আটকে দেয় পুলিশ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। এর মধ্যে এক ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ বিক্ষোভে কেউ কেউ ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানান।
দেশটির সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে একমত হলেও ইউনিয়নের একটি বড় অংশ বিষয়টি প্রত্যাখ্যান করেছে। বিদ্রোহী অংশের দাবি, এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শতভাগ (১০০ শতাংশ) বেতন বাড়াতে হবে।


































































































































































































