সিনেমার সিক্যুয়েল 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২' মুক্তি পেয়েছে। নতুন সিনেমায় মিরান্ডা প্রিস্টলির সঙ্গে 'ভোগ'–এর একটি সাক্ষাৎকারে অংশ নেন স্বয়ং অ্যানা উইনটোর। তবে সেখানেও এ রহস্য খোলাসা হলো না। লরেন ভাইসবার্গারের উপন্যাসটি যখন প্রথম প্রকাশিত হয়, তখন থেকেই ফ্যাশনপাড়ায় গুঞ্জন—'এটা কি অ্যানা?' ২০০৬ সালে বইটির গল্প অবলম্বনে সিনেমা তৈরি হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে 'রানওয়ে'র গল্প।
মিরান্ডা প্রিস্টলি চরিত্রে মেরিল স্ট্রিপের অভিনয় রীতিমতো কাঁপিয়ে দেয় বক্স অফিস। 'আনাড়ি সহকারী' চরিত্রে অ্যান হ্যাথাওয়ে আর 'এমিলি' চরিত্রে এমিলি ব্লান্টও ছিলেন দুর্দান্ত। কিন্তু একটা প্রশ্ন সবার মনেই ছিল, সাদা চুল, চোখে বড় সানগ্লাস আর ঠোঁটে তাচ্ছিল্য—মিরান্ডা প্রিস্টলির এই চরিত্র ঠিক কার আদলে তৈরি?


































































































































































































