মিসরের বিশ্বকাপ দলে বার্সার হামজা, বাদ পড়লেন মোস্তফা

মিসরের বিশ্বকাপ দলে বার্সার হামজা, বাদ পড়লেন মোস্তফা

বিশ্বকাপের জন্য ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিসর। বাদ পড়েছেন ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ। দলে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মিসর অনূর্ধ্ব–১৭ দলে খেলা হামজা সিনিয়র জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।

লিভারপুল তারকা মোহামেদ সালাহ যথারীতি এই দলের অধিনায়ক। আক্রমণভাগে তাঁর সঙ্গে জুটি বাধবেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমুশ। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২৮ মে কায়রোতে প্রস্তুতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে মিসর। এ ম্যাচের পর ফিফার নিয়ম অনুযায়ী ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে বর্তমান স্কোয়াড থেকে একজন খেলোয়াড় বাদ দেবেন মিসর কোচ হোসাম হাসান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।