পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দিনটিকে ‘ঐতিহা�সিক ও নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নতুন ভোরের সূচনা হয়েছে এবং এই ফলাফল ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়নমূলক রাজনীতির প্রতি আস্থার প্রতিফলন।
গতকাল সোমবার সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা ও পদুচেরির ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান সংকটের কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যেও স্থিতিশীল শাসনের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান।
মোদি বলেন, ‘আমাদের কাছে গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি এমন এক ঐতিহ্য, যা আমাদের রক্তে প্রবাহিত...আজ শুধু ভারতের গণতন্ত্রই বিজয়ী হয়নি, এর সংবিধানও বিজয়ী হয়েছে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিজয়ী হয়েছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো বিজয়ী হয়েছে।’


































































































































































































