নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু হয়েছে। এই মেলার প্রতিপাদ্য হলো 'যত বই তত প্রাণ'। এবারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, 'গত ৩৫ বছরে বাংলাদেশিরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে; আগামী ৩৫ বছরে বাংলাদেশিরা এ দেশের সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠবে।'
দেশের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, 'সঠিক ইতিহাসচর্চার মধ্য দিয়ে আমাদের জাতীয় ইতিহাসের বহু বিতর্কিত বিষয়ে ঐকমত্যের প্রয়াস চালিয়ে যেতে হবে।'
বাঙালির বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে রেহমান সোবহানকে মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা ও আজীবন সম্মাননা দেওয়া হয়।
বিশেষ আলোচনায় অংশ নিয়ে সমাজবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, তাঁদের প্রজন্মের কাছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের ধারণা ভিত্তিমূলের মতো দৃঢ় ছিল; কিন্তু বর্তমান বাংলাদেশে নতুন প্রজন্মের একটি অংশকে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি সমর্থন জানাতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।


































































































































































































