ইরানের বন্দরগুলোর ওপর অবরোধের মেয়াদ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, অবরোধের মেয়াদ বাড়ানোর খবরে গতকাল বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ‘ব্রেন্ট’ তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অবরোধ দীর্ঘ করার প্রস্তুতি নিতে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার মাধ্যমে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার পথ বেছে নেবেন ট্রাম্প।
যদিও ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, তারপরও উভয়পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করতে চাওয়ায় সংঘাতটি অচলাবস্থায় রয়েছে। জুন মাসের জন্য ‘ব্রেন্ট ক্রুড’ ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৩ ডলার বা ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। টানা আটদিন ধরে দাম বেড়ে এটি গত ৩১ মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
জুনের এই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হবে। তবে আরো সক্রিয় জুলাইয়ের চুক্তির মূল্য ২ দশমিক ৯ শতাংশ বেড়ে বর্তমানে ১০৭ দশমিক ৪৩ ডলারে রয়েছে। জুন মাসের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা ১৩ এপ্রিলের পর সর্বোচ্চ।


































































































































































































