বিজ্ঞানের জয়যাত্রায় এমন কিছু মুহূর্ত আসে, যখন কোটি কোটি পরমাণুর ভিড়ে মাত্র একটি পরমাণুর সন্ধান পাওয়াও এক বিশাল বিজয় হিসেবে গণ্য হয়ে থাকে। ১০৯ নম্বর মৌল মাইটনেরিয়াম আবিষ্কারের গল্পটি ঠিক তেমনই। এটি এমন একটি মৌল, যা প্রকৃতিতে পাওয়া যায় না। এর কোনো জৈবিক ভূমিকা নেই। বলা যায়, চোখের পলক ফেলার আগেই বিলীন হয়ে যায়। তবু নিউক্লীয় পদার্থবিজ্ঞানের সীমানা বুঝতে এ মৌলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাইটনেরিয়াম একটি কৃত্রিমভাবে উৎপাদিত মৌল। এটি পর্যায় সারণির ট্রান্সইউরেনিয়াম বা অতিভারী মৌলগুলোর অন্তর্ভুক্ত। অতীতে এটি আননিলেনিয়াম বা মৌল ১০৯ নামেও পরিচিত ছিল। এই মৌলটির নামকরণ হয়েছে অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত পদার্থবিজ্ঞানী লিজ মাইটনারের সম্মানে।


































































































































































































