পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ভোটদানের হার। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে ১৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। মোট ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী রয়েছেন।
জেলা ভিত্তিক ভোটের হারে দেখা যাচ্ছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাঁকুড়া, যেখানে ভোটের হার ২০ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে, রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে মাত্র ১৬ দশমিক ৯৬ শতাংশ।
এছাড়া অন্যান্য জেলাগুলির মধ্যে বীরভূমে ভোট পড়েছে ১৯ দশমিক ০১ শতাংশ, ঝাড়গ্রামে ১৯ দশমিক ৮৪ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৯ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ১৮ দশমিক ৮১ শতাংশ, পূর্ব মেদিনীপুরেও একই হারে ১৮ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে।


































































































































































































