ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় অবিশ্বাস্য হারে ভোট পড়েছে। দুই প্রধান দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই ভোট পড়াকে তাদের জয়ের সুস্পষ্ট ইঙ্গিত বলে দাবি করছে। যদিও কেন বেশি ভোট তাদের সাহায্য করবে, তা নিয়ে কোনো নির্দিষ্ট বিশ্লেষণ কোনো দলই দেয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, ৯১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। তবে চূড়ান্ত ভোটের হার এখনো পাওয়া যায়নি। দুই পক্ষই মনে করছে, এই বিপুলসংখ্যক ভোট তাদেরই সাহায্য করবে।
তৃণমূল কংগ্রেসের পক্ষের অন্যতম প্রধান মুখপাত্র এবং কলকাতার বিধায়ক প্রার্থী কুনাল ঘোষ দাবি করেন, তাঁরা ১৫২ আসনের মধ্যে সর্বোচ্চ ১৩৫ আসন পেতে পারেন। প্রথম দফায় বৃহস্পতিবার ১৫২ আসনে ভোট হয়েছে।
বিজেপির পক্ষের পর্যবেক্ষকদের দাবি, বেশি ভোট পড়লে তা সাধারণত ক্ষমতাসীনদের বিরুদ্ধে যায়। মানুষ দলে দলে ঘর থেকে বেরিয়ে এসে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট করলেই ভোটের হার এতটা বাড়ে।


































































































































































































