সকালে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা বা কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। তাই দ্রুত পানি গরম করার জন্য প্লাস্টিকের ইলেকট্রিক কেটলি নিয়মিত ব্যবহার করেন অনেকে। তবে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা সকালের এই অভ্যাসের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের কেটলিতে পানি ফোটানোর সময় বিপুল পরিমাণে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক পানির সঙ্গে মিশে যায়।
গবেষকদের দাবি, একটি সম্পূর্ণ নতুন প্লাস্টিকের কেটলি প্রথমবার ব্যবহার করার সময় প্রতি মিলিলিটার পানিতে প্রায় ১ কোটি ২০ লাখ ন্যানোপ্লাস্টিক কণা নির্গত হয়। সেই হিসাবে, সাধারণ ২৫০ মিলিলিটারের এক কাপ চায়ের পানিতে প্রায় ৩০০ কোটি প্লাস্টিকের কণা মিশে যেতে পারে!


































































































































































































