রণবীর কাপুর তাঁর আসন্ন ছবি 'রামায়ণা' নিয়ে আলোচনায় রয়েছেন। এর মধ্যেই তিনি উত্তর প্রদেশের অযোধ্যায় একটি জমি কিনেছেন। বৃহস্পতিবার এক রিয়েল এস্টেট সংস্থা এ তথ্য জানিয়েছে।
এক সরকারি বিবৃতি অনুযায়ী, ২১৩৪ বর্গফুট জমির এই চুক্তি বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। জমিটি 'দ্য সরযূ' প্রকল্পের অংশ, যা সরযূ নদীর তীরে অবস্থিত ৭৫ একরের একটি প্লটেড প্রকল্প।
রণবীরের আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন অযোধ্যায় চারটি সম্পত্তি কিনেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এই বর্ষীয়ান অভিনেতা শহরে ২৫ হাজার বর্গফুটের একটি প্লট ৫০ কোটি টাকায় কিনেছিলেন।


































































































































































































