রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধে নিহত কিশোরগঞ্জের তরুণ

রাশিয়ার সেনাবাহিনীতে যুদ্ধে নিহত কিশোরগঞ্জের তরুণ

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন কিশোরগঞ্জের তরুণ মো. রিয়াদ রশিদ (২৮)। প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পের তাঁর এক বন্ধু এ খবর জানিয়েছেন। রিয়াদ রশিদ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা আবদুর রশিদের ছেলে। তাঁর মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নিহত রিয়াদ রশিদের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে মৃত্যুর সংবাদ জানান। নরসিংদী জেলার বাসিন্দা লিমন দত্ত রাশিয়ায় রিয়াদের সঙ্গে সেনাবাহিনীর একই ক্যাম্পে ছিলেন।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, নিহত রিয়াদের সঙ্গে থাকা বন্ধু লিমন দত্ত তাঁদের জানিয়েছেন, ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সৈন্য নিহত হন। আহত হন আরও তিনজন। হামলায় লিমন দত্ত নিজেও একটি পা হারিয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।