ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ বলেছে, আজ রোববার ভোরে দেশটির রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর চালানো হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে রাশিয়ার হুঁশিয়ারির পর এ হামলা হয়েছে।
এএফপির সাংবাদিকেরা আজ ভোরে কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। আরেক বার্তা সংস্থা রয়টার্স এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর দিয়েছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে লিখেছেন, ‘রাজধানী শহর ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে।’


































































































































































































