রোহিত শর্মা দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ২০২৪ সালে অধিনায়ক হিসেবে, ২০০৭ সালে দলের সাধারণ একজন সদস্য হিসেবে। রোহিতের অর্জনের খাতায় থাকতে পারত ২০১১ বিশ্বকাপও। কিন্তু ঘরের মাঠে হওয়া সেই বিশ্বকাপে তাঁকে দলেই রাখেননি নির্বাচকেরা।
দেড় দশকের বেশি সময় পর সেই নির্বাচকদের একজন জানালেন, ২০১১ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জন্য তাঁর এখনো খারাপ লাগে। রোহিতের কাছে দুঃখপ্রকাশও করেছেন এই নির্বাচক।
ভারতের ২০১১ বিশ্বকাপের দল ঘোষণার সময় যে নির্বাচক কমিটি ছিল, সেটির প্রধান ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সাবেক ক্রিকেটার ছিলেন প্রধান নির্বাচক। ৬৬ বছর বয়সী শ্রীকান্ত দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তখন রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ফর্ম বা সামর্থ্যের কারণে নেওয়া হয়নি। বরং দলে ভারসাম্য রক্ষা করতে গিয়েই ওই পথে হাঁটতে হয়েছে, ‘তার (রোহিত) জন্য আমার এখনো খারাপ লাগে। গত বছর আমি রোহিতকে বলেছি, আমি দুঃখিত, আমি দুঃখিত। এটা ইচ্ছাকৃত ছিল না, আসলে আমরা কিছু হাফ অলরাউন্ডার নিতে চেয়েছিলাম। আমাদের চিন্তাভাবনা ছিল ১৯৮৩ সালের বিশ্বকাপের মতো।’


































































































































































































