পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে ফিরলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজকেন্দ্রিক উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে তাঁর সিরিজ ‘অ্যানি’। নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। জার্মানির কোলনে অনুষ্ঠেয় উৎসবে আগামী ৯ জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে।
এ অর্জন দেশের নির্মাতাদের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলবে মনে করেন সিরিজের অন্যতম প্রযোজক এহসানুল হক। তিনি বলেন, ‘ফেস্টিভ্যালের মাধ্যমেও একটি সিরিজকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। ‘অ্যানি’র মাধ্যমে আমরা সেই সম্ভাবনার একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি।’
‘সেরিয়েনক্যাম্প’ মূলত সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। সিরিজকেন্দ্রিক ইউরোপের অন্যতম প্রভাবশালী এই উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সিরিজ প্রদর্শন ছাড়াও শিল্পসংশ্লিষ্ট আলোচনা, কর্মশালা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন সহযোগিতার সুযোগও তৈরি করে এ উৎসব।


































































































































































































