সৌদি আরব খেলাধুলার বিশাল বিনিয়োগ করছে। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর সেরা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আল নাসরে যা পাচ্ছেন, তার ধারেকাছেও পাননি ইউরোপের শীর্ষস্থানীয় ওই ক্লাবগুলোতে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাবটি থেকে পান বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি।
খেলাধুলায় সৌদি আরব কত বেশি আগ্রাসী হয়ে মাঠে নেমেছিল, ২০২৩ সালের শেষ দিকে রোনালদোর সঙ্গে করা এই চুক্তি তাঁর বড় উদাহরণ। শুধু ফুটবলই নয়, টেনিস, গলফ থেকে শুরু করে স্নোবোর্ডিং পর্যন্ত সব ধরনের খেলাধুলায় সৌদি আরবের বিশাল বিনিয়োগ গত এক দশকের ক্রীড়া দুনিয়ার অন্যতম বড় আলোচিত বিষয়।
তেল-সমৃদ্ধ এই দেশটি ক্যারিয়ারের শেষ দিকে থাকা ফুটবলারদের বিশাল বেতনে সৌদি প্রো লিগে নিয়েছে। ফিফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্বও পেয়েছে।


































































































































































































