সৌদিতে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ দেশে ফিরেছে

সৌদিতে দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ দেশে ফিরেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক মুরাদ শেখের মরদেহ ১৫ দিন পর দেশে ফিরেছে। আজ শনিবার ভোরে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল সোয়া নয়টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। বেলা ১১টায় দুদুখানপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

স্ত্রী আঞ্জুয়ারা খাতুন বলেন, আকামা শেষ করে তাঁর স্বামীর বাড়ি ফেরার কথা ছিল। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে তাঁর স্বামী সৌদি আরব যান। ছেলের জন্মের পর বাবা তাকে কোলেও নিতে পারেননি, আহাজারি করে সেই কথাই বলছিলেন তিনি।

মুরাদের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন মুরাদ। তাঁর মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তান অসহায় হয়ে পড়েছে। তিনি সরকারি-বেসরকারিভাবে সহযোগিতার অনুরোধ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।