শজনে গাছের বীজের নির্যাস মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে

শজনে গাছের বীজের নির্যাস মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে

বাংলাদেশে অতিপরিচিত গাছ শজনে। গাছটিকে ‘মিরাকল ট্রি’ বা অলৌকিক গাছ বলেও সম্বোধন করেন অনেকে। কারণটা কী? আসলে শজনে পৃথিবীর অন্যতম পুষ্টিগুণসম্পন্ন গাছ। রোগবালাই নিরাময়ের জন্যও এই গাছের ব্যাপক পরিচিতি রয়েছে। এখন নতুন এক গবেষণায় দেখা গেছে, ট্যাপের পানি থেকে ৯৮ শতাংশ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে শজনে বীজের নির্যাস।

গবেষণাটি করেছেন যুক্তরাজ্য ও ব্রাজিলের একদল বিজ্ঞানী। গবেষণাপত্রটি চলতি মাসেই প্রকাশিত হয়েছে। গবেষকেরা শজনের বীজ নিয়ে এক দশক ধরে গবেষণা করেছেন। তাঁরা গুরুত্ব দিয়েছেন শজনে বীজের একটি বিশেষ গুণকে। সেটি হলো পানিতে থাকা অতি ক্ষুদ্র কণা জমাট বাঁধতে সহায়তা করে এই বীজের নির্যাস। জমাট বাঁধা ওই কণাগুলো পরে সহজেই ফিল্টার করে আলাদা করা যায়।

মাইক্রোপ্লাস্টিকও অতিক্ষুদ্র কণা। এগুলো এতটাই ছোট যে এর আকার এক ইঞ্চির ২৫ হাজার ভাগের ১ ভাগ পর্যন্ত হতে পারে। মাইক্রোপ্লাস্টিক খাদ্য ও পানিকে ব্যাপকভাবে দূষিত করে। ২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, বিশ্বের মোট ট্যাপের পানির ৮৩ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।