সুইজারল্যান্ডের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন গ্রানিত জাকা ও রিকার্ডো রদ্রিগেজ। এ দুজনকে রেখে আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। এবারের আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের দলে ছিলেন জাকা–রদ্রিগেজ।
সর্বশেষ তিন বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সুইজারল্যান্ড এবার অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল গড়েছে। গোলপোস্টের নিচে বরুসিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেল আর রক্ষণে রদ্রিগেজের সঙ্গে ম্যানুয়েল আকাঞ্জি আছেন।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়োহান মাঞ্জাম্বি। ২০ বছর বয়সী মিডফিল্ডার বুন্দেসলিগার দল ফ্রাইবুর্গে খেলেন। এ ছাড়া এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা গোলকিপার মারভিন কেলারকে বিশ্বকাপে ডাকা হয়েছে।


































































































































































































