ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান ঘটেনি। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে)। শুক্রবার বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থনও জানায়। কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। তিনি বলেছেন, বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। ফলে শনিবার তাঁর শপথ গ্রহণ হচ্ছে না।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কসংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
এ পরিস্থিতিতে তামিলনাড়ুতে ছয় দশকের বেশি সময় ধরে আধিপত্য ধরে রাখা দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কংগ্রেস আগেই টিভিকেকে সমর্থন জানিয়েছিল।


































































































































































































