তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই এমন পারফরম্যান্স ইতিমধ্যে রাজনৈতিক মহলে বড় চমক তৈরি করেছে। এই সাফল্য শুধু রাজনৈতিক মহলই নয়, উচ্ছ্বসিত করেছে তাঁর পরিবারকেও। এই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বিজয়ের বাবা, নির্মাতা এস এ চন্দ্রশেখর। তিনি জানালেন, দুই বছর ধরেই তাঁর ছেলের আত্মবিশ্বাস ছিল অবিচল—এমনকি তিনি নিজেকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবেও দেখতেন।
বিজয়ের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি, ভেঙ্কট প্রভুসহ অনেকেই। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে বিজয়ের বাড়িতে।
চন্দ্রশেখর বলেন, ‘আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। গত দুই বছরে আমি দেখেছি, ওর আত্মবিশ্বাস অসাধারণ। “আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব”—এই বিশ্বাসে এক শতাংশও সন্দেহ ছিল না ওর। এ কথা ও আগেই বলেছে।’


































































































































































































