হজ মৌসুমে যুদ্ধ পুনরায় শুরু করলে মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন সতর্কবার্তার পর ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেন যে, হজ চলাকালে ইরানে হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, অতীতেও যুক্তরাষ্ট্র কখনো কখনো কূটনৈতিক অগ্রগতির আভাস দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভায় ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেওয়ার পরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছিল বলে উল্লেখ করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও দেশটির সরকার টিকে আছে। খামেনির ছেলে ও উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনির নেতৃত্বে ইরান এখনো ব্যাপক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


































































































































































































