উত্তর প্রদেশে পুলিশের এনকাউন্টার বৃদ্ধি পাচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৪৩টি এনকাউন্টার বা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৮৯ জন 'কুখ্যাত অপরাধী' নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ হাজার ৮৩৪ জন। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে ৩৪ হাজার ২৫৩ জন অপরাধীকে।
এ নিয়ে বিচার বিভাগের কটু কথাও যে সরকারকে শুনতে হয় না, তা নয়। গত জানুয়ারি মাসে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা কটাক্ষ করে বলেছিলেন, উত্তর প্রদেশে এনকাউন্টারের ঘটনা এখন মুড়িমুড়কির মতো ঘটে চলেছে।
ভারতে এনকাউন্টার নীতি প্রথম শুরু হয়েছিল মুম্বাইয়ে আশির দশক নাগাদ। জুলিও ফ্রান্সিস রিবোইরো যখন মুম্বাইয়ের (তৎকালীন বম্বে) পুলিশ কমিশনার, সেই সময় এনকাউন্টার তত্ত্বটি জনপ্রিয় হয়।


































































































































































































