বিদেশে থাকা চার ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে এক সপ্তাহ আগে। তবে সেই খবর জানতেন না মা। ছেলেদের কফিনবন্দী মরদেহ বাড়িতে আনার পর জানানো হয় মাকে। কক্ষ থেকে বেরিয়ে এসে ছেলেদের কফিন দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন তিনি। আহাজারি করতে করতে বারবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছিলেন মাটিতে।
আজ বুধবার সকালে এই দৃশ্য দেখা যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর বন্ধরাজপাড়ায়। ১৩ মে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় এই পাড়ারই বাসিন্দা চার ভাইয়ের মরদেহ। আজ সকাল সাতটায় চারজনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এর আগে গতকাল রাত নয়টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে কফিনবন্দী মরদেহগুলো। মারা যাওয়া চার ভাই হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
বেলা ১১টার দিকে স্থানীয় হোছনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় চার ভাইয়ের জানাজা। এতে ইমামতি করেন তাঁদের বেঁচে থাকা একমাত্র ভাই হাফেজ মুহাম্মদ এনাম। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে সামাজিক কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় চার ভাইকে।


































































































































































































