ভিয়েতনামে পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের ট্রায়াথলেট মো. সাজেদুর রহমান। গতকাল রোববার ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় তিনি একাই অংশ নিয়েছেন। তিনি আয়রনম্যানের নির্ধারিত দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড় সম্পন্ন করেছেন ১৫ ঘণ্টা ৩৪ মিনিটের মধ্যে।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিনের সমন্বয়ে গঠিত খেলা। আর এক দিনে অনুষ্ঠিত পূর্ণ দূরত্বের আয়রনম্যানকে ধরা হয় বিশ্বের অন্যতম কঠিন ক্রীড়া চ্যালেঞ্জ হিসেবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়।
সাজেদুর রহমান ৩৫–৩৯ বছর বয়স বিভাগে ভিয়েতনামে অংশ নিয়েছেন। আয়রনম্যানের অফিশিয়াল অ্যাপ ও ওয়েবসাইট অনুযায়ী সাজেদুর তাঁর বয়স গ্রুপে ১১৩ জন প্রতিযোগীর মধ্যে ৮৮তম হয়েছেন। প্রতিযোগিতায় মোট ৭০৩ জনের মধ্যে সাজেদুর হয়েছেন ৫৮০তম।


































































































































































































