যুক্তরাজ্যে নতুন ভিসানীতি চালুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো উদ্বেগে পড়েছে। নতুন নিয়মের আওতায় প্রায় অর্ধেক বিশ্ববিদ্যালয় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ ইউনিভার্সিটিজ ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যাসোসিয়েশনের (বিইউআইএলএ–BUILA) এক জরিপে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি কমেছে। একই সময়ে মোট ভর্তি কমেছে ৩১ শতাংশ।
জুন থেকে কঠোর হবে নতুন নিয়ম-আগামী জুন থেকে যুক্তরাজ্যে নতুন ‘ট্রাফিক-লাইট’ভিত্তিক ভিসা কমপ্লায়েন্স ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের ভিসা অনুমোদন ও প্রত্যাখ্যানের হার অনুযায়ী মূল্যায়ন করা হবে।
যেসব প্রতিষ্ঠানের ভিসা প্রত্যাখ্যানের হার ৪ শতাংশের নিচে থাকবে, তারা ‘সবুজ’ রেটিং পাবে। আর ‘অ্যাম্বার’ রেটিং পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো তাৎক্ষণিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, যার মধ্যে বিদেশি শিক্ষার্থী নিয়োগে সীমাবদ্ধতাও থাকতে পারে।


































































































































































































