কালশী উড়ালসড়কের র্যাম্পের নিচে মাটিতে বিছানো পাতলা একটি মাদুরে শুয়ে আছে তিন শিশু। ঝুম বৃষ্টি আর ঠাণ্ডা থেকে বাঁচাতে তাদের গায়ে কালো একটি কম্বল জড়িয়ে দিয়েছেন মা। পাশে বসে আছেন তিনি।
মা রাজিয়া বেগমের চোখে ঘুম নেই, মুখে ক্লান্তির ছাপ। আগুনে পুড়ে গেছে মাথা গোঁজার একমাত্র ঠাঁই। এর মধ্যেই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ স্বামী। সামনে কী আছে, জানেন না তিনি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালশী উড়ালসড়কের নিচে দেখা যায় রাজিয়াকে। পাশে শুয়ে আছে ১০ মাস বয়সী ছেলে ইব্রাহিম, তিন বছরের মেয়ে মানসুরা ও সাত বছরের মেয়ে আদুরি।































































































































































































































