যমজ নবজাতক দুটির বয়স দুই সপ্তাহও হয়নি, রাখা হয়নি কোনো নামও। জন্মের ঠিক পর থেকেই তাদের দিন কাটছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। এরই মধ্যে চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে নিউন্যাটাল আইসিইউতে চিকিৎসাধীন শিশু দুটির শরীরে প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। এ খবর শোনার পর থেকেই দুশ্চিন্তায় আছেন মা-বাবা।
শিশু দুটির বাবার নাম মানিক উদ্দিন (৪২)। নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মণবাড়িয়া গ্রামের এই বাসিন্দা পেশায় চিকিৎসক। তিনি জানান, ৫ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে তাঁর যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের পরপরই চিকিৎসকেরা জানান, উভয় নবজাতকের শরীরে অক্সিজেনের মাত্রা কম। তাই তাদের হাসপাতালে ভর্তি রাখতে হবে।
মানিক উদ্দিন জানান, প্রথমে শিশু ওয়ার্ডে ভর্তি রাখা হয় নবজাতক দুটিকে। এক দিন পর তাদের কান্নার মাত্রার বেড়ে গেলে স্থানান্তর করা হয় নিউন্যাটাল আইসিইউতে। এর পর থেকে তাদের কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে।































































































































































































































