রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে ডুবে মোহতাসিম হক জাহিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী আবদুল কুদ্দুস জানান, বিকেলে খবর পান বন্ধুদের সঙ্গে পুকুরে নামার পর এক কিশোর তলিয়ে গেছে। পরে তিনি পুকুরে নেমে কয়েক মিনিট খোঁজাখুঁজির পর জাহিমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।































































































































































































































