পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নাগরিকদের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মুঠোফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আরমান হোসেন (২২)। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
সিআইডি জানায়, গত বছরের ৯ অক্টোবর সাইবার মনিটরিং সেলের নিয়মিত নজরদারির সময় ‘সিয়াম হাওলাদার’ নামের একটি ফেসবুক আইডি শনাক্ত হয়। এ আইডিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল ব্যাংকিংসহ নাগরিকদের বিভিন্ন সংবেদনশীল তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বছরের ১৩ অক্টোবর রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে কমলনগর থানা এলাকা থেকে মো. সিয়াম হাওলাদারকে (২৩) গ্রেপ্তার করা হয়।































































































































































































































